ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে চীনের পতাকাবাহী একটি বিশাল তেলবাহী সুপার ট্যাংকারকে ওই প্রণালি অতিক্রমের চেষ্টা করতে দেখা গেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যে বেইজিংয়ের পথে রয়েছেন।
সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘ইউয়ান হুয়া হু’ নামের জাহাজটি বুধবার সকালে হরমুজ প্রণালির ভেতর দিয়ে পূর্বমুখে অগ্রসর হচ্ছিল। স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৪৫ মিনিট পর্যন্ত জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়। এরপর এটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ করেছে কি না, তা স্পষ্ট নয়।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই রুটে চলাচলকারী জাহাজগুলো হামলা বা আটক হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তথ্য অনুযায়ী, জাহাজটি গত ২৮ ফেব্রুয়ারি (ওইদিন যুদ্ধ শুরু হয়) ইরানের আসালুয়েহ বন্দরে ছিল এবং এরপর থেকে পারস্য উপসাগরের ভেতরেই চলাচল করছে। সর্বশেষ এটি ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে নোঙর করেছিল।

