“অটিজম ও মানবতা : প্রতিটি জীবনেরই মূল্য আছে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার সংরক্ষণ, তাদের সম্ভাবনার বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান, মোবাইল হেলথ ক্লিনিক চালু, সহায়ক উপকরণ তৈরিতে প্রণোদনা, নিয়োগে বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রশিক্ষণ ও প্যারা অলিম্পিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ, প্রতিবন্ধী আইনসমূহের কার্যকর বাস্তবায়ন এবং প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ।
সভায় আরও বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা জরুরি, যাতে তারা সমাজের মূলধারায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। আলোচনা শেষে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ প্রতিনিধি) মো. কামরান হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. দেবরাজ মালাকার, পলক অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।

