মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে

0
মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে

সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চারটি ফিশিং বোট ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা, চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা।

পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here