ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের

0
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৯-এর মধ্যে অবস্থান ধরে রাখাই এখন বাংলাদেশের অন্যতম লক্ষ্য। কারণ সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে এই শীর্ষস্থান নিশ্চিত করা জরুরি। তাই দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি টাইগারদের নজর এখন র‌্যাঙ্কিং টেবিলেও।

সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য এসেছে ইতিবাচক খবর। র‌্যাঙ্কিংয়ে সরাসরি উন্নতি না হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বেড়েছে বাংলাদেশের। ফলে ৯ নম্বর অবস্থান আরও দৃঢ় হয়েছে টাইগারদের।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী, ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং কমে দাঁড়িয়েছে ৭৪-এ, অর্থাৎ বাংলাদেশের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে। যদিও দুই দলেরই অবস্থান অপরিবর্তিত থাকলেও ব্যবধান বেড়েছে বাংলাদেশের অনুকূলে।

বাংলাদেশের সামনে রয়েছে ইংল্যান্ড। ৮ নম্বরে থাকা দলটির রেটিং এখন ৮৯, যেখানে বাংলাদেশের রেটিং ৮৪। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। ফলে বলা যায়, টাইগাররা এখন জস বাটলারদের খুব কাছেই অবস্থান করছে।

শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। ভারত এক নম্বরে, নিউজিল্যান্ড দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে রয়েছে। চারে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা, আর পাকিস্তান নেমে গেছে পাঁচে। শ্রীলঙ্কা ছয় ও আফগানিস্তান সাত নম্বরে স্থিতিশীল রয়েছে।

শীর্ষ দশের বাইরে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

একনজরে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং (শীর্ষ ১০)

১. ভারত
২. নিউজিল্যান্ড
৩. অস্ট্রেলিয়া
৪. দক্ষিণ আফ্রিকা
৫. পাকিস্তান
৬. শ্রীলঙ্কা
৭. আফগানিস্তান
৮. ইংল্যান্ড
৯. বাংলাদেশ
১০. ওয়েস্ট ইন্ডিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here