রক্তিম কৃষ্ণচূড়া, হলদে সোনালু আর বেগুনি জারুলে নতুন রূপে সেজেছে ঢাকা

0
রক্তিম কৃষ্ণচূড়া, হলদে সোনালু আর বেগুনি জারুলে নতুন রূপে সেজেছে ঢাকা

ঢাকার ব্যস্ত রাজপথ। যেখানে দিনের শুরু হয় হর্নের তীক্ষ্ণ শব্দে, ধোঁয়ায় ঝাপসা আকাশ আর যানজটের অন্তহীন ক্লান্তিতে। প্রতিদিনই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে নগরবাসী। ক্লান্ত চোখ, অবসন্ন মন আর কংক্রিটের চাপা বিষন্নতা নিয়েই এগিয়ে চলে জীবন।

তবে গ্রীষ্ম এলেই বদলে যায় চেনা সেই শহর। হঠাৎ করেই ব্যস্ত নগরীর বুকজুড়ে নেমে আসে রঙের উৎসব। রক্তিম কৃষ্ণচূড়া মাথা নত করে অভ্যর্থনা জানায় পথচলতি মানুষকে। হলুদ সোনালু ছড়িয়ে দেয় রোদের মতো দীপ্তি। আর বেগুনি জারুল যেন শহরের ক্লান্ত দেয়ালে এঁকে দেয় স্বপ্নের জলছবি।

কয়েক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়ায় মানুষ। ভুলে যায় যানজট, ধোঁয়া আর ব্যস্ততার হিসাব। প্রকৃতির এই ক্ষণিক সৌন্দর্য যেন ক্লান্ত নগরবাসীর মনে এনে দেয় একফোঁটা শান্তির পরশ।

রাজধানী ঢাকা হয়তো পৃথিবীর সবচেয়ে নিখুঁত শহর নয়। তবুও এই সময়টায় মনে হয়, পৃথিবীর সব সৌন্দর্য যেন এসে জড়ো হয়েছে এই শহরেই। কংক্রিটের তপ্ত নগরীর বুক চিরে ফুটে উঠেছে আগুনরাঙা কৃষ্ণচূড়া, সোনালি সোনালু আর বেগুনি জারুল। কোথাও কাঠগোলাপের স্নিগ্ধতা, কোথাও কদমের আগাম বার্তা। শহরের অলিগলি যেন রঙের এক জীবন্ত ক্যানভাস।

পরিচিত-অপরিচিত অসংখ্য ফুলে ভরে উঠেছে তিলোত্তমা ঢাকা। মনে হয় শহরটা যেন নিজেই আজ কবিতা লিখছে। কিছুদিন আগেও যে রাস্তাগুলো ছিল ধূসর, ক্লান্ত আর নিরানন্দ-আজ সেগুলোর প্রতিটি মোড় যেন রঙে আঁকা একেকটি শিল্পকর্ম। প্রতিটি মোড়ে মোড়ে কাব্যগাথা। বৈশাখের দহনজ্বালাও হার মানে ফুলের এই মায়াবী সৌন্দর্যের কাছে।

রাজধানীর কুড়িল, বিমানবন্দর সড়ক, হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যানসহ পুরো শহরজুড়েই এখন রঙের ছড়াছড়ি। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু যেন নেমেছে সৌন্দর্যের প্রতিযোগিতায়। এর মাঝেই আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে ফুটছে কদম।

আর এই সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটছেন, আবার কেউ শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখভরে দেখছেন প্রকৃতির এই অপার রূপ। যেন ব্যস্ত শহরের মাঝেই একটু শান্তি খুঁজে নিচ্ছেন সবাই।

যারা এই শহরকে শুধু কংক্রিট, ধুলো আর বিশৃঙ্খলার নগরী বলে অভিযোগ করেন, ফুলে ফুলে ভরা এই অনন্য ঢাকা যেন তাদের জন্য প্রকৃতির নীরব জবাব। ফুলে ফুলে ‍বাস্তব বেহেশত হয়ে ওঠা এই ঢাকা যেন ‍সবাইকে কানে কানে বলছে, এই শহর শুধু যানজটের নয়, ক্লান্তির নয়,শব্দ দূষণ বা বায়ু দূষণের নয়, এই শহর রঙের, এই শহর চোখজুড়ানো মন মাতানো ফুলের, এই শহর ভালোবাসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here