বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠানটি রাজধানীর পান্থপথে মাদল শস্যভাণ্ডার-এ অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রতিপাদ্য ছিল-‘আমি তোমাদেরই লোক’।
বিকেল ৫টায় রাজধানীর পান্থপথে মাদলের প্রধান শাখায় উপস্থিত ছিলেন বহুমাত্রিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শাকিল মাহবুব, নাটোর লালপুর বহুমাত্রিকের সভাপতি আরিফসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় কবিতা আবৃত্তি করেন বহুমাত্রিকের সদস্য সুমিত পাল। এছাড়া আবৃত্তি করেন লায়লা নারগিস পলি, শামিমা আক্তার মলি, আল নোমান ও ফৌজিয়া হিয়া।
সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বাংলা। আবৃত্তি করে জমজ দুই বোন আয়রা ও আয়জা। এছাড়াও গান পরিবেশন করেন ঢাকা কমিটির সভাপতি রোকেয়া ইয়াসমিন বর্ণা এবং প্রশিক্ষণ সম্পাদক অসীম রায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানে একক নৃত্য পরিবেশন করেন সহ-সভাপতি রওনক ফেরদৌস রাকা। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরবময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা তুলে ধরেন শামিমা আক্তার মলি, আসমা সাদিয়া ও উর্বশী।
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে অংশবিশেষ পাঠ করেন সংগঠনের সদস্য সুইটি। আর গীতাঞ্জলি থেকে ‘আবার এসেছে আষাঢ়’ পাঠ করেন মোহতারিমা রহমান।

