হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের লোকজনে বাকবিতন্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে আহত হয়ে মানউল্লাহ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১০ মে) বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মানউল্লাহ মিয়া শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কার মৃত ভুইয়া মিয়ার পুত্র।
জানা গেছে, নিহত মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল৷ রবিবার সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালি গালজ করেন। বিকেলে হাওড় থেকে ফিরে মানউল্লা মিয়া গালি গালজের বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ও তার সন্তানদের জিজ্ঞেস করতে গেলে তাদের মধ্যে বাক বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে মানউল্লা মিয়া গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

