ধোনির পরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে নাম তুলেছেন ভিরাট কোহলি ও রোহিত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে মাঠে নেমে দুজনই খেললেন নিজেদের ২৭৮তম আইপিএল ম্যাচ।
এর মাধ্যমে তারা স্পর্শ করলেন মাহেন্দ্র সিং ধোনির রেকর্ড। গত মৌসুমে ২৭৮ ম্যাচ খেলে আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন ধোনি।
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তাই কোহলি ও রোহিতের জন্য বিশেষ উপলক্ষ হয়ে ওঠে।
ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। যদিও চলতি মৌসুমে চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি তার।
অন্যদিকেম রোহিত শর্মা ক্যারিয়ারের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে খেললেও ২০১১ সাল থেকে নিয়মিত খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর কোহলি আইপিএলের প্রথম আসর থেকেই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।
ব্যাট হাতে আইপিএলে এখন পর্যন্ত ধোনির রান ৫ হাজার ৪৩৯। রোহিত করেছেন ৭ হাজার ২৬৭ রান। আর টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলির সংগ্রহ ৯ হাজার ৪০ রান।

