বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে

0
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা হত্যা মামলায় দায়ের করা মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত প্রধান আসামি ও নিহতের স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন। আদালতে কোর্ট উপপরিদর্শক জিল্লুর রহমান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাফসীরুল আলম আসামিদের জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাফসীরুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোচিত। এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। আদালতে জামিনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হলে আদালত প্রধান আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই অমর্ত্য মজুমদার জানান, প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করা হয়েছে। বাকি চার আসামিকে জামিন দিয়েছেন আদালত। আদালতের নথি হাতে পেলে হৃদয়ের রিমান্ড আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

নিহতের বাবা ও মামলার বাদী মো. হানিফ অভিযোগ করেন, “আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা আবদুর রহিমের ছেলে হৃদয়ের সঙ্গে ১৫ লাখ টাকা দেনমোহরে ফারিহার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে ফারিহাকে একাধিকবার শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার কোটবাড়ি এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here