তাসকিন আহমেদ টেস্ট ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালে আজান আওয়াইসকে আউট করে এই অর্জনে পৌঁছান বাংলাদেশের এই পেসার।
আজানের বিদায়ের মধ্য দিয়ে শতরানের জুটি ভাঙার পাশাপাশি টেস্টে নিজের ৫০তম উইকেটও পূর্ণ করেন তাসকিন। স্লিপে নাজমুল হোসেন শান্ত ক্যাচ নেওয়ার পর হাসিতে ভেসে ওঠেন এই ডানহাতি পেসার।
বাংলাদেশের হয়ে টেস্টে ৫০ বা তার বেশি উইকেট পাওয়া পেসারদের তালিকায় তাসকিন এখন তৃতীয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন।
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন মাশরাফি। পরে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই মাইলফলকে পৌঁছান শাহাদাত। এরপর দীর্ঘ ১৭ বছর পর আরেক বাংলাদেশি পেসার হিসেবে এই তালিকায় নাম লেখালেন তাসকিন।
তিনজনের মধ্যে দ্রুততমও তাসকিন। মাত্র ১৮তম টেস্টেই ৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। যেখানে মাশরাফির লেগেছিল ১৯ টেস্ট এবং শাহাদাতের ২১ টেস্ট।
বর্তমানে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি পেসার মাশরাফি, তার উইকেট সংখ্যা ৭৮। শাহাদাতের রয়েছে ৭২ উইকেট। তাদের দুজনকেই এখন তাড়া করছেন তাসকিন।
২০১৭ সালে টেস্ট অভিষেক হলেও চোট ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে নিয়মিত খেলতে পারেননি তাসকিন। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ৬৪ রানে ৬ উইকেট নিয়ে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান তিনি। ওই সিরিজে ১১ উইকেট শিকার করে হন সিরিজসেরা।

