মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিরচেনা কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপাকে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেটে ১৬৪ রান।
এ প্রতিবেদনে লেখা পর্যন্ত শান্ত ১০২ বলে ৭৭ রান এবং মুমিনুল ১১০ বলে ৫২ রানে অপরাজিত আছেন।
শুক্রবার সকালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীদের হয়ে অভিষেক করেন আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজল। শুরুটা দেখেশুনেই করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম জুটি। প্রথম চার ওভার শেষে আসে ১৪ রান।
পঞ্চম ওভারে জীবন পান মাহমুদুল। শাহীন আফ্রিদির বলে সহজ ক্যাচ ধরতে পারেননি আব্দুল্লাহ ফজল। তবে সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল।
সপ্তম ওভারের প্রথম বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ ফেরেন মাহমুদুল। শাহীন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১৯ বলে ৮ রান করেন তিনি। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার সাদমানও। হাসান আলীর বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে করেন ১৩ রান।
শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত জুটি। তৃতীয় উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ।

