মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে অতিথি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ-হাঁটুর চোটের কারণে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে খেলতে পারবেন না বাবর আজম।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের সঙ্গে থাকা মেডিকেল প্যানেল অভিজ্ঞ ব্যাটারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
৩ মে বাবর আজম ও খুররম শাহজাদকে ছাড়াই বাংলাদেশে পৌঁছে শান মাসুদ নেতৃত্বাধীন পাকিস্তান টেস্ট দল। ওই দিন লাহোরে পাকিস্তান সুপার (পিএসএল) লিগের ফাইনাল ছিল এই দুই ক্রিকেটারের। শিরোপা উৎসব শেষে সোমবার (পরের দিন) দিবাগত রাত ১টায় বাংলাদেশে এসে পৌঁছান বাবর।
সদ্য শেষ হওয়া পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকে ৫৮৮ রান করেছেন তিনি। খুররম পেশোয়ারের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পান।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি ১৬ মে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে দু’টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। একটি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। একটি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে পাকিস্তান।
পাকিস্তান টেস্ট দল :
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

