অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ববি হিল। তিনি জানান, ওয়ার্নার জানেন যে তার আচরণ ছিল ‘নির্বোধের মতো’ এবং ‘বেপরোয়া’।
গত মাসে ৩৯ বছর বয়সী ওয়ার্নার সিডনির মারুব্রায় একটি আকস্মিক শ্বাস-পরীক্ষায় পজিটিভ ফল আসায় অভিযুক্ত করা হয়। তিনি এখনও কোনো আবেদন জানাননি।
অভিযোগ অনুযায়ী, কয়েক গ্লাস ওয়াইন পান করার পর ওয়ার্নার গাড়ি চালান এবং র্যান্ডম ব্রেথ টেস্টে তার শরীরে বৈধ সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়। এরপর তাকে মাঝারি মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়।
সরকারি সম্প্রচারকারী এবিসি-র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) আদালতের বাইরে সাংবাদিকদের তার আইনজীবী ববি হিল বলেন, আমি জানাতে পারি, ডেভিড মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার করবেন। তবে ওয়ার্নারশুনানিতে উপস্থিত হননি এবং মামলাটি জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।
হিল বলেন, তিনি জানেন যে তিনি যা করেছেন তা ভুল ছিল। তিনি স্বীকার করেন যে উবার না নিয়ে নিজের গাড়িতে ওঠাটা একটি বেপরোয়া, নির্বোধের মতো সিদ্ধান্ত ছিল। তিনি আরও বলেন, ওয়ার্নার গাড়িতে ওঠার আগে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। প্রভুর পুনরুত্থানের দিনে এক গ্লাস ওয়াইন পান করা কোনো অপরাধ নয়। বস্তুত কেউ কেউ এটিকে সম্পূর্ণ যথাযথ বলেই মনে করবেন। তার অপরাধ হলো, যেমনটা আমি বলেছি, প্ল্যান বি-এর পরিবর্তে একটি নির্বোধ প্ল্যান এ বেছে নেওয়া।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার সিডনি থান্ডারেরও অধিনায়ক। ক্রিকেট এনএসডব্লিউ-এর প্রধান নির্বাহী লি জার্মন এপ্রিলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বলেছিলেন, অভিযোগগুলো ‘উদ্বেগজনক’ এবং সংস্থাটি বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, ক্রিকেট এনএসডব্লিউ-তে আমরা নিরাপদ ড্রাইভিংয়ের জোরালো সমর্থক, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর নয়।

