বৃষ্টিতে বরগুনায় মুগডালে বড় ক্ষতির আশঙ্কা

0
বৃষ্টিতে বরগুনায় মুগডালে বড় ক্ষতির আশঙ্কা

বরগুনা জেলায় চলতি মৌসুমে ৪৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে মুগডালের চাষ করা হয়েছিল, যা জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা ছিল। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশায় কৃষকরা ব্যাপক প্রস্তুতি নিলেও হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে সেই আশা ভেঙে পড়েছে।

গত ২৯ এপ্রিলের অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকার মুগডাল ক্ষেত পানিতে তলিয়ে যায়। অনেক জমিতে পানি জমে থাকায় গাছ পচে যাওয়ার উপক্রম হয়েছে, আবার কোথাও পুরো ফসল নষ্ট হয়ে গেছে। এতে হাজারো কৃষক আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।

মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম, জমির পরিমাণ ও ক্ষতির ধরন অনুযায়ী একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

স্থানীয় কৃষক হানিফ বলেন, এই বছর এক একর জমিতে মুগডাল চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে। ফসল ঘরে তুলতে পারিনি। এখন খরচও উঠবে কিনা সন্দেহ।

আরও কয়েকজন কৃষক বলেন, এক দিনের বৃষ্টিতেই তাদের সব আশা শেষ হয়ে গেছে। তাদের প্রত্যেকের প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সহায়তা না পেলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও জানান তারা।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর, বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here