ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফ গ্রেফতার

0
ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফ গ্রেফতার

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।

গত ৩০ এপ্রিল তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

এদিন শুনানিকালে আব্দুর রউফকে আদালতে হাজির করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here