ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

0
ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

আসন্ন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দুইবার শিরোপা জয়ের পর এবার ভারতের মাটিতে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত দলটি। অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, ভেন্যু যাই হোক তাদের লক্ষ্য জয়।

আগের দুই আসরে নেপালের কাঠমান্ডুতে শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে এবারের আসর বসছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গোয়ায়। স্বাগতিক সমর্থনের সুবিধা না পেলেও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আফঈদারা।

আগামী ২৫ মে শুরু হবে টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান, আর ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।

প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ১০ দিনের ক্যাম্প শেষ করেছে দল। এরপর উন্নত প্রস্তুতির জন্য থাইল্যান্ডে ১৫ দিনের ক্যাম্প করবে তারা। সেখান থেকে ২১ মে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপাল—তিনটি দলই সমানভাবে শক্তিশালী। ভারত পাঁচবার শিরোপা জিতেছে, আর বাংলাদেশ জিতেছে সর্বশেষ দুই আসর। ফলে হ্যাটট্রিক ঠেকাতে স্বাগতিকরা সর্বোচ্চ চেষ্টা করবে বলেই মনে করছেন তিনি। তবে বাংলাদেশও প্রস্তুত প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ধরে রাখতে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত উইমেন’স এশিয়ান কাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দল। তবে সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবারের সাফে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক।

তিনি বলেন, বড় মঞ্চে খেলতে হলে মনোযোগ ও ধারাবাহিকতা খুব জরুরি, এ শিক্ষা তারা পেয়েছেন এশিয়ান কাপ থেকে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভালো কিছু করার প্রত্যাশা দলের।

এদিকে কোচ পিটার জেমস বাটলার পারফরম্যান্সের কারণে দলে রাখেননি স্বপ্না রানী ও মুনকি আক্তারকে। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার নবীরণ খাতুন। ২৩ সদস্যের দলে প্রথমবারের মতো সিনিয়র সাফে সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন মুখ।

তবে অধিনায়ক আফঈদা নতুন-পুরোনো বিভাজনে বিশ্বাসী নন। দীর্ঘদিন একসঙ্গে অনুশীলনের ফলে দলের বোঝাপড়া ভালো বলেই মনে করেন তিনি। একই সঙ্গে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, দুঃসময়ে যেন খেলোয়াড়দের পাশে থাকে সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here