বিশ্বকাপে ম্যাচ দেখার চাকরি, বেতন ৫০ হাজার ডলার

0
বিশ্বকাপে ম্যাচ দেখার চাকরি, বেতন ৫০ হাজার ডলার

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এই জাঁকজমকপূর্ণ আসরকে সামনে রেখে সবচেয়ে আকর্ষণীয় চাকরির প্রস্তাব নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। যেখানে অফিস যাওয়ারই প্রয়োজন নেই। পুরো সময়টাই কাটবে ফুটবল দেখে!

যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির প্ল্যাটফর্ম ইনডিডের সঙ্গে যৌথভাবে একজন ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’কে খুঁজছে ফক্স স্পোর্টস। যার কাজই হবে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখা। সেজন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। এক্ষেত্রে ১০৪টি ম্যাচের সবগুলোই দেখতে হবে।

চাকরির জন্য বেছে নেওয়া ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কেন্দ্রস্থলে কাচের তৈরি বিশেষ ঘরের ভেতর বসানো হবে। সেখান থেকেই তিনি প্রতিটি ম্যাচ উপভোগ করবেন। পাশাপাশি সরাসরি দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করবেন।

সব ম্যাচ দেখতে হবে ফক্স ওয়ানে, যা আবার বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মূলত প্রতিটি ম্যাচকে ‘লাইভ ওয়াচ পার্টি’ তে রূপ দেওয়াই হবে চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচারের কাজ। যেখানে পথচারী ও পর্যটকরাও যুক্ত হতে পারবেন।

আগ্রহীরা ইনডিডের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজয়ীর নাম ঘোষণা করা হবে বেসবল লিগের বোস্টন রেড সক্স ও নিউ ইয়র্ক ইয়াংকিসের ম্যাচ সম্প্রচারের সময় (৬ জুন )।

উল্লেখ্য, ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here