চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে আটক ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়। এতে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণও জরুরি। ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সিভিল সার্জন হাদি জিয়া উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মালিকবিহীন মাদকগুলো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ১ দশমিক ৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি ইনজেকশন। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

