ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা জয়ের লক্ষ্য সামনে রেখে আত্মবিশ্বাসী আতোয়ান গ্রিজমান। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড মনে করছেন, এবারই হতে পারে তার ও দলের জন্য ইতিহাস গড়ার সুযোগ।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আতলেতিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
প্রথম লেগে আতলেতিকোর মাঠে ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্সেনালের ভিক্টর ইয়োকেরেস এবং আতলেতিকোর হুলিয়ান আলভারেস। দ্বিতীয় লেগে জয়ী দল উঠবে ফাইনালে, যেখানে প্রতিপক্ষ হবে পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ।
৩৫ বছর বয়সী গ্রিজমান আগামী গ্রীষ্মে মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। যদিও মৌসুমের মাঝপথেই দল ছাড়ার চিন্তা থাকলেও শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আতলেতিকো। সর্বশেষ ২০১৬ সালে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই ম্যাচে নির্ধারিত সময়ে পেনাল্টি মিস করেছিলেন গ্রিজমান।
সেমিফাইনালের ফিরতি লেগের আগে সংবাদ সম্মেলনে গ্রিজমান বলেন, ক্লাবের হয়ে বিশেষ কিছু অর্জনের লক্ষ্যেই তিনি থেকে গেছেন এবং এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ দেখছেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আরও পরিণত ও আত্মবিশ্বাসী তিনি।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে ইউরোপা লিগ জয়ের অভিজ্ঞতা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এখনো অধরা গ্রিজমানের জন্য। তবে তিনি বিশ্বাস করেন, দল হিসেবে তারা এখন লক্ষ্য থেকে মাত্র দুই ধাপ দূরে এবং এবার ইতিহাস গড়ার সামর্থ্য রাখে আতলেতিকো মাদ্রিদ।

