খাগড়াছড়িতে এবার ব্যাপক আকারে বোরো ধানের চাষ হয়েছে। সোনালি ধান পাকতে শুরু করেছে। কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। খাগড়াছড়ি সদরের কমলছড়ি, ভুয়াছড়ি, পেরাছড়া, পানখাইয়া পাড়া বিল, নিউজিল্যান্ডসহ বিভিন্ন এলাকায় ধান কাটার উৎসব চলছে।
এবার পুরো জেলায় ১২ হাজার ৬৭৩ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ৬৫৮ মেট্রিক টন। খাগড়াছড়ি সদর উপজেলায় বোরো ধানের চাষ হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে। এখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৭৫ মেট্রিক টন। এ বছর ব্রিধান-১০০, ১০২, ১০৪ ও ৮ জাতের ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ ও ধান গবেষণা কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
খাগড়াছড়ির পানছড়িতে সোমবার (২৭ এপ্রিল) ধান কাটার উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
তিনি জানান, এ বছর পুরো জেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
কৃষকরা জানান, ডিজেল সংকটের কারণে সেচকাজ কিছুটা ব্যাহত হয়েছিল, ফলে শুরুতে ফলন নিয়ে শঙ্কা ছিল। তবে কয়েক দফা বৃষ্টির কারণে সেচ কার্যক্রম সচল থাকায় শেষ পর্যন্ত ফলন ভালো হয়েছে।

