একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ টিএমসির, অস্বীকার বিজেপির

0
একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ টিএমসির, অস্বীকার বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক ফলাফলে পশ্চিমবঙ্গে ভোট হওয়া ২৯৩টি আসনের মধ্যে বিজেপি নিশ্চিত করেছে ২০৮টি আসন। অন্যদিকে তৃণমূল পেয়েছে ৭৯টি আসন।

নির্বাচনের এ ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও হামলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, ফল প্রকাশের পরপরই বিভিন্ন জেলায় তাদের দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। এতে স্থানীয় পর্যায়ে আতঙ্ক তৈরি হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে, যাতে নির্বাচনের ফলকে ঘিরে এলাকায় প্রভাব বিস্তার করা যায়।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলটির নেতাদের ভাষ্য, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এসব ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, বিজেপির সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই।

ফল ঘোষণার দিন রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রেও উত্তেজনার খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সহিংসতার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here