দীর্ঘদিন ধরে অসুস্থতার পর ‘আরব সঙ্গীতের রাজপুত্র’ হিসেবে পরিচিত মিশরীয় গায়ক হানি শাকের ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় রবিবার (৩ মে) হানি শাকের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্বাস্থ্যের অবনতির হওয়ায় চিকিৎসার জন্য কয়েক সপ্তাহ আগে ফ্রান্সে যান এই শিল্পী। দীর্ঘস্থায়ী কোলনের অসুস্থতাজনিত জটিলতায় বারবার রক্তক্ষরণের পর তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার জরুরি চিকিৎসা চলছিল এবং তিনি নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাল এল সিসি শাকেরের ‘স্বতন্ত্র কণ্ঠ এবং পরিশীলিত পরিবেশনার’ প্রশংসা করেছেন। তিনি ফেসবুকে পোস্টে লেখেন, আমি মিশরীয় জনগণ এবং প্রকৃত শিল্পপ্রেমীদের প্রতি শিল্পী হানি শাকেরের মৃত্যুতে গভীরতম সমবেদনা জানাই। যিনি তার স্বতন্ত্র কণ্ঠ এবং পরিশীলিত পরিবেশনার মাধ্যমে সকল জাতীয়, সামাজিক এবং মানবিক অনুষ্ঠানে তার সবচেয়ে সুন্দর শৈল্পিক সৃষ্টির দ্বারা সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন।
১৯৫২ সালের ২১শে ডিসেম্বর কায়রোতে জন্মগ্রহণকারী শাকের ছিলেন আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী এবং আরবি সঙ্গীতের স্বর্ণযুগের একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিনি ১৯৬০-এর দশকে তার সঙ্গীত জীবন শুরু করেন এবং সুরকার মোহাম্মদ আল মুগির মাধ্যমে আবিষ্কৃত হওয়ার পর ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
শাকার তার কর্মজীবনে আরব বিশ্বের শীর্ষস্থানীয় কবি ও সুরকারদের সাথে কাজ করে ৬০০টিরও বেশি গান এবং প্রায় ২৯টি অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়াও তিনি ২০১৫ এবং ২০১৯ সালে মিশরের মিউজিশিয়ানস সিন্ডিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার মাধ্যমে তিনি তার শৈল্পিক কর্মজীবনের পাশাপাশি সঙ্গীত জগতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

