ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করতে সিদ্ধান্ত দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
সোমবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট করতে নথিতে স্বাক্ষর করে ফেলেছি। এখন বিজি প্রেসে ছাপানো হবে।
তিনি আরও বলেন, এর আগে নুসররাত তাবাসসুমের রিটের পরিপ্রেক্ষিতে তার মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়েছিল। আমরা তা বাছাই করার পর তিনি বৈধ হয়েছেন।
আইন অনুযায়ী, বাছাইয়ে বৈধতার পর একদিন এমন ক্ষেত্রে অপেক্ষা করা যায়। আমরা দুদিন অপেক্ষা করেছি। কোনো আদেশ নেই। কাজেই যদি কালকের শুনানিতে অন্য কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী কাজ করব।
এর আগে, হাইকোর্টে রিট করেন নুসরাত। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনায় দেয়। সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা গত শনিবার বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রবিবার সে অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের তালিকাও প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

