ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা হামলা চালাবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দেয় ইরান।
ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালীর কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ইরানের মেজর জেনারেল আলী আব্দোল্লাহি বলেন, “ইরান বারবার বলে আসছে যে এই প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে”।
এই বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতেও প্রচার করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে।

