আঙুলের চোটে মাঠের বাইরে থাকা ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনারকে আঙুলের স্ক্যান করাতে ইংল্যান্ডে পাঠানো হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর অনুরোধেই দেশে ফিরেছেন সল্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকায় তার চোটের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বোর্ড।
চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি বেঙ্গালুরু বা ইসিবি। তবে দ্রুত সুস্থ হয়ে চলতি আইপিএলেই তাকে দলে ফিরে পাওয়ার আশায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। ইনিংসের ষষ্ঠ ওভারে বাউন্ডারি ঠেকাতে ডাইভ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চোট পাওয়ার আগে ওই ম্যাচে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
চলতি আসরে ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন সল্ট।
তার অনুপস্থিতিতে দলে সুযোগ পাচ্ছেন জেকব বেথেল, তিনি এখনো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। স্কোয়াডে আরও রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জর্ডান কক্স।
বর্তমানে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

