হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর বয়স ৭ মাস। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
গত ২৮ এপ্রিল শিশুটি হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি হয়।
সোমবার (৪ মে) হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, শেষ ২৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ২৩ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে মোট এক হাজার ৬৯ জন শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ২৪টি শিশু। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬৩ শিশু।
হামের প্রকোপ দেখা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

