‘প্রিয়তম’কে হারালেন দেব

0
‘প্রিয়তম’কে হারালেন দেব

নির্বাচনের উত্তেজনার আবহে হঠাৎই নেমে এলো শোকের ছায়া। টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব হারালেন তার দীর্ঘদিনের সঙ্গী, প্রিয় পোষ্য ‘লাকি’কে।

মঙ্গলবার সকালে, যখন পশ্চিমবঙ্গজুড়ে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে হৃদয়ভাঙা খবরটি জানান তিনি। প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, লাকি শুধুই একটি পোষ্য ছিল না-সে ছিল পরিবারেরই একজন সদস্য। অভিনয় ও রাজনীতির ব্যস্ততার মাঝেও বাড়িতে ফিরলেই লাকির সান্নিধ্য যেন ক্লান্তি ভুলিয়ে দিত তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই এই প্রিয় সঙ্গীর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।

এই তারকার জীবনে এমন ব্যক্তিগত শোকের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও। অনেকেই মনে করছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনার কাছে সব অর্জনই যেন ম্লান।

দেব কেবল অভিনেতা বা রাজনীতিক নন, একজন পরিচিত পশুপ্রেমী হিসেবেও সুপরিচিত। লাকির পাশাপাশি ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে তার। 

মাসখানেক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূরণের উদ্‌যাপনেও হাজির ছিল তার দুই পোষ্য। মঞ্চে দেব ও তার পরিবারের সঙ্গে উপস্থিত ছিল লাকি ও হ্যাপি। সেই সব আদুরে মুহূর্তের সাক্ষী সবাই। প্রায় ১৪ বছরের সঙ্গীকে বিদায় জানিয়ে ভেঙে পড়েন দেব।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here