শুরুতে বল হাতে খেললেন ক্যারিয়ারের সেরা স্পেল। এরপর চাপের মুহূর্তে ব্যাট হাতে দেখালেন দারুণ দায়িত্বশীলতা। চমৎকার ইনিংসে তুলে নিলেন ফিফটি। ব্যাট ও বলের এই দুর্দান্ত পারফরম্যান্সে পিএসএল ফাইনালে ইতিহাস গড়লেন অ্যারন হার্ডি।
লাহোরে রোববার হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে পেশাওয়ার জালমি। নাহিদ রানা, বাবর আজমদের শিরোপা জয়ের ম্যাচে নায়ক হার্ডি। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার বল হাতে ৪ উইকেটের পর ব্যাটিংয়ে করেন অপরাজিত ৫৬ রান।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার ফাইনাল ম্যাচে বল হাতে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ফিফটির দেখা পেলেন।
এত দিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে সেরা অলরাউন্ড পারফরম্যান্সের রেকর্ড ছিল শাহিন শাহ আফ্রিদির। ২০২৩ সালের পিএসএল ফাইনালে ব্যাট হাতে মাত্র ১৫ বলে ৪৪ রান করার পর বোলিংয়ে ৫১ রানে ৪ উইকেট নিয়েছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক।
সব মিলিয়ে যে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সেরা অলরাউন্ডার পারফরম্যান্সের রেকর্ড করিম জানাতের। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি কাপের ফাইনালে ব্যাট হাতে ১০৭ রানের পর বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন আফগান পেস বোলিং অলরাউন্ডার।
পিএসএলের ফাইনালে পঞ্চম ওভারে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে হায়দরাবাদের ইনিংসে ধস নামানোর শুরুটা করেন হার্ডি। পরে দশম ওভারে হাসান খানকে ফিরিয়ে হায়দরাবাদের ঘুরে দাঁড়ানোর আশাও শেষ করে দেন অস্ট্রেলিয়ান তারকা।
আর শেষ দিকে ১৮তম ওভারে নিজের কোটা পূর্ণ করতে এসে প্রথম বলেই প্রতিপক্ষের সর্বোচ্চ ৫৪ রান করা সাইম আইয়ুবকে আউট করেন হার্ডি। ওভারের শেষ বলে আকিফ জাভেদকে কট বিহাইন্ড করে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে দেন তিনি।
পরে রান তাড়ায় মাত্র ৭ রানে ২ উইকেট পড়ার পর প্রথম ওভারে ব্যাটিংয়ে নামতে হয় হার্ডির। কিছুক্ষণ পর কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলও ফিরলে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পেশাওয়ার।
সেখান থেকে আব্দুল সামাদকে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন হার্ডি। শেষ পর্যন্ত খেলে ৯ চারে ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত থেকে পেশাওয়ারের শিরোপার নায়ক হয়ে যান অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী অলরাউন্ডার।

