গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
রবিবার এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এপ্রিল মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পশ্চিমা লঘুচাপের সাথে পুবালি বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ৬-৯ ও ২৬-৩০ এপ্রিল দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মাসের অধিকাংশ দিন দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সাথে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়।
এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬০ মি.মি. কিশোরগঞ্জ জেলার নিকলিতে রেকর্ড (২৮ এপ্রিল ২০২৬) করা হয়।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকায় তাপীয় লঘুচাপ অবস্থান করায় দেশের অনেক অঞ্চলের উপর দিয়ে ০১-০৪, ১২-১৫, ১৭-১৯ ও ২০-২৬ এপ্রিল মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।
এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (রাজশাহী, ২২ এপ্রিল) এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস (রাঙ্গামাটি, ১০ এপ্রিল) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৬ ডিগ্রি সেলসিয়াস ও ০.১ ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

