রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। অনুশীলনের সময় চোটে পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হাড়ে ফাটল ধরা পড়েছে। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ক্লাবটি।
ধারণা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচে ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দলে ফিরবেন কারভাহাল। ফলে ১০ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে লস ব্ল্যাঙ্কোসদের।
রিয়ালের সঙ্গে কারভাহালের চুক্তি শেষ হবে চলতি বছর জুনে। ক্লাবের সঙ্গে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিতে তাই কারভাহালকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হতে পারে।
গত দুই মৌসুম ধরে চোট কারভাহালকে বারবার পিছিয়ে দিয়েছে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যোগ দেওয়ার পর থেকেই শুরুর একাদশে নিজের নিয়মিত জায়গা হারান।
কারভাহালের অনুপস্থিতিতে স্পেন দলে পেদ্রো পোরো ও মার্কোস ইয়োরেন্তের মতো খেলোয়াড়রা নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন। ফলে সুস্থ হয়ে উঠলেও কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ দলে কারভাহালকে ডাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে। সেই দলে অভিজ্ঞ এই ডিফেন্ডার জায়গা পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

