মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং চলমান সংঘাত নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তাজানি জানান, আলোচনায় তারা ইরানের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের সংকটময় অবস্থা পর্যালোচনা করেছেন এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে এবং বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথে বাধার সৃষ্টি হলে খাদ্যনিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যার প্রভাব বিশেষ করে আফ্রিকায় মারাত্মক হতে পারে। তাজানি স্পষ্ট ভাষায় তেহরানকে জানিয়েছেন যে, সামরিক উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ইতালির কাছে একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচিত। এর ফলে এই অঞ্চলে বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংকট নিরসনে তিনি ইরানকে তাদের প্রভাব কাজে লাগিয়ে হিজবুল্লাহর হামলা বন্ধ করতে এবং আলোচনার মাধ্যমে লেবাননে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনার শেষ পর্যায়ে তাজানি পুনর্ব্যক্ত করেন যে, ইতালি সব অংশীদারের সঙ্গে সংলাপের পথ খোলা রেখে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও বিশ্বশান্তি বজায় রাখার প্রতিটি আন্তর্জাতিক প্রচেষ্টায় দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।
সূত্র: আল জাজিরা

