শিশুখাদ্যে বিষ মিশিয়ে কোটি টাকা দাবি: তারপর যা ঘটল

0
শিশুখাদ্যে বিষ মিশিয়ে কোটি টাকা দাবি: তারপর যা ঘটল

শিশুকে খাওয়ানোর জন্য কেনা খাবারের জারে ইঁদুর মারার বিষ! এমন এক রোমহর্ষক ও অমানবিক ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ইউরোপজুড়ে। জনপ্রিয় শিশুখাদ্য ব্র্যান্ড ‘হিপ’ (HiPP)-এর গাজর ও আলুর পিউরির জারে বিষ মিশিয়ে বড় অংকের অর্থ দাবি করে একটি চক্র। এই ঘটনায় দীর্ঘ তদন্তের পর ৩৯ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রিয়া পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট ও মুক্তিপণ দাবি
তদন্তকারীরা জানান, অপরাধী চক্রটি ইমেইলের মাধ্যমে কোম্পানিটির কাছে ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) মুক্তিপণ দাবি করেছিল। তবে অবাক করা বিষয় হলো, গত ২৭ মার্চ পাঠানো সেই ইমেইলটি কোম্পানি কর্তৃপক্ষ দেখতে পায় অনেক দেরিতে। ইমেইলটি এমন একটি ইনবক্সে পাঠানো হয়েছিল যা সচরাচর চেক করা হয় না। ফলে সময়সীমা পার হওয়ার পর বিষয়টি জানাজানি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাজার থেকে পণ্য প্রত্যাহার:
অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় এখন পর্যন্ত বিষমিশ্রিত পাঁচটি জার উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, অন্তত আরও একটি বিষাক্ত জার এখনো বাজারের কোনো দোকানে থাকতে পারে। নিরাপত্তার খাতিরে ‘হিপ’ কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট সিরিজের সকল পণ্য বাজার থেকে সরিয়ে নিয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভোক্তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনো জারের ঢাকনা ক্ষতিগ্রস্ত থাকলে, নিরাপত্তা সিল ছেঁড়া থাকলে বা জার থেকে পচা গন্ধ আসলে তা ব্যবহার না করতে বলা হয়েছে। এছাড়া সন্দেহভাজন জারের নিচে একটি বিশেষ স্টিকারের উপস্থিতিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রিয়ার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোনো শিশু যদি ভুলবশত এই বিষাক্ত খাবার খেয়ে ফেলে এবং তার শরীরে অতিরিক্ত দুর্বলতা, ফ্যাকাসে হয়ে যাওয়া কিংবা রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয়, তবে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

পুলিশের মুখপাত্র হেলমুট মারবান জানিয়েছেন, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে এই চক্রের সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here