বরিশালের বানারীপাড়ায় ঝড়ে গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে তার সাত বছর বয়সী শিশু সন্তান। শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।
নিহত গৃহবধূ ইয়াসমিন আক্তার (৩৫) উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা রং মিস্ত্রি সোহেল হাওলাদারের স্ত্রী। আহত জিসান হাওলাদারকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চেয়ারম্যান খিজির সরদার জানান, দুপুরে ঝড়ো হাওয়ায় ঘরে পাশের একটি বিশাল চাম্বল গাছ উপরে পড়ে ঘরের উপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ইয়াসমিন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গুরুতর আহত জিসানকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘরে এক কন্যা ও ছেলে সন্তান নিয়ে ছিলো ইয়াসমিন। ঝড়ে গাছ পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন ইয়াসমিন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

