স্প্যানিশ ফুটবলে দুঃসংবাদ রিয়াল মাদ্রিদের জন্য। দলের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল পায়ের চোটে পড়েছেন, ফলে আসন্ন কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
শনিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কারভাহালকে। সে ক্ষেত্রে সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের শেষ ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৪৮ ম্যাচ খেলেছেন কারভাহাল। তবে চোটের কারণে চলতি মৌসুমে মাত্র ২০ ম্যাচে অংশ নিতে পেরেছেন তিনি।
এদিকে, ক্লাবটির সঙ্গে কারভাহালের বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
হতাশাজনক এক মৌসুম পার করছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে লা লিগায় ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষ।

