লোন শেষে রিয়ালে ফিরছেন এন্ড্রিক

0
লোন শেষে রিয়ালে ফিরছেন এন্ড্রিক

ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে সফল লোন স্পেল কাটিয়ে আগামী মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। এবার তাকে স্থায়ীভাবে মূল দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, রিয়ালে ফিরে স্ট্রাইকার হিসেবে খেলতে চান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ক্লাব তাকে ডান উইঙ্গার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে।

২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এন্ড্রিক। প্রথম মৌসুমে কার্লো আনচেলোত্তির অধীনে ৩৭ ম্যাচে ৭ গোল করলেও পরবর্তীতে কোচ পরিবর্তনের পর খেলার সুযোগ কমে যায়। চলতি মৌসুমে সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে মাত্র ১৪ মিনিট মাঠে নামার সুযোগ পান তিনি।

নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় গত ডিসেম্বরের শেষদিকে লোনে লিওঁতে যোগ দেন এন্ড্রিক। সেখানে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখান তিনি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন।

তার এই পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে রিয়াল মাদ্রিদ তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে, কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আক্রমণভাগে ডানপ্রান্তে দেখা যেতে পারে এন্ড্রিককে।

তবে প্রথম একাদশে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রদ্রিগো গোয়েস, ব্রাহিম দিয়াজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর সঙ্গে।

উল্লেখ্য, এন্ড্রিককে দলে ভেড়াতে ট্রান্সফার ফি, বেতন ও কমিশনসহ প্রায় ৯০ মিলিয়ন ডলার ব্যয় করেছে রিয়াল মাদ্রিদ। ভবিষ্যতে তাকে দলের মূল স্ট্রাইকার হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here