নেত্রকোনায় কংশ নদীর পানি বেড়েছে, কমেছে সোমেশ্বরীর

0
নেত্রকোনায় কংশ নদীর পানি বেড়েছে, কমেছে সোমেশ্বরীর

নেত্রকোনায় কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধিতে মিশ্র পরিস্থিতি দেখা দিয়েছে।

জেলার কংশ ও উব্দাখালী নদীর পানি বিপৎসীমার অনেকটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কমতে শুরু করেছে সোমেশ্বরী ও মগড়া নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) জেলার জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার (১.১০ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে বেড়েছে কলমাকান্দার উব্দাখালী নদীর পানিও, যা বর্তমানে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, কংশ ও উব্দাখালীর পানি বাড়লেও অন্যান্য নদীর পরিস্থিতি উন্নতির দিকে। সোমেশ্বরী নদীর পানি গত কয়েক ঘণ্টায় হ্রাস পেয়েছে। 

এছাড়া নেত্রকোনা পৌর শহরের ওপর দিয়ে প্রবাহিত মগড়া নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিপৎসীমার নিচে নেমে এসেছে। বর্তমানে ধনু নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here