দলের গুরুত্বপূর্ণ সদস্য কোবি মেইনুকে লম্বা সময় ধরে রাখার প্রয়াসে নতুন চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তরুণ ইংলিশ মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
২১ বছর বয়সী মেইনুর সঙ্গে চুক্তি করার কথা বৃহস্পতিবার জানিয়েছে ইউনাইটেড। ২০৩১ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন তিনি। ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা মেইনু ২০২৩ সালে মূল দলে সুযোগ পান। তার সঙ্গে ক্লাবটির আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। যেখানে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। নতুন চুক্তিতে ক্লাবটির সঙ্গে পথচলা আরও দীর্ঘ হলো তার।
২০২৪ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন মেইনু। ওই বছর ইউনাইটেডের এফএ কাপ জয়ের ম্যাচেও মাঠে ছিলেন তিনি। হুবেন অ্যামুরির কোচিংয়ে ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা হারান মেইনু। গত জানুয়ারিতে পর্তুগিজ কোচ বরখাস্ত হওয়ার আগে ১১টি লিগ ম্যাচে বদলি হিসেবে খেলেন তিনি।
তবে নতুন কোচ মাইকেল ক্যারিক আসার পর নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন মেইনু। ইউনাইটেডের শেষ ১৩টি প্রিমিয়ার লিগ ম্যাচের ১২টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন তিনি। চোটের কারণে খেলতে পারেননি স্রেফ একটি ম্যাচ, লিডস ইউনাইতেডের বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের মূল দলের হয়ে এখন পর্যন্ত ৯৮ ম্যাচ খেলেন মাইনো। সাতটি গোল করার পাশাপাশি পাঁচটিতে রাখেন অবদান।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। আগামী রোববার লিভারপুলের মুখোমুখি হবে তারা। ম্যাচটি জিতলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেয়ে যাবে দলটি।
প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে পাঁচটি দল সুযোগ পাবে। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। ১১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন।

