টেকনাফ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামি দিলদার বেগম (৪৫) দক্ষিণ জালিয়াপাড়ার রশিদ আহমদের স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১ মে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় এক অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি দিলদার বেগম (৪৫) কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি দিলদার বেগমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

