নারায়ণগঞ্জের বন্দর থানার খালপাড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফয়সাল হোসেন আহত হয়েছেন।
জানা গেছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গত বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছিনতাইকারীরা উল্টো পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল ফয়সাল গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেলেও পরে তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

