মেসি-আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন আলভারেজ

0
মেসি-আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন আলভারেজ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মঞ্চে ইতিহাস গড়লেন হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে দ্রুততম আর্জেন্টাইন হিসেবে এই প্রতিযোগিতায় ২৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেয় আতলেতিকো। ম্যাচের প্রথমার্ধে ভিক্টর ইয়োকেরেসের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দারুণ এক শটে দলকে সমতায় ফেরান আলভারেজ।

এই গোলের মাধ্যমে এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করে ক্লাব ইতিহাসেও নতুন নজির গড়েন আলভারেজ, এর আগে আতলেতিকোর কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।

চ্যাম্পিয়নস লিগে ৪১ ম্যাচে এখন আলভারেজের গোল ২৫টি। এই মাইলফলকে পৌঁছাতে মেসির লেগেছিল ৪২ ম্যাচ, আর আগুয়েরোর ৪৮ ম্যাচ।

বর্তমানে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১ গোল), দ্বিতীয় স্থানে মেসি (১২৯) এবং তৃতীয় স্থানে রবার্ট লেভানডফস্কি (১০৯)।

আলভারেজের সমতাসূচক গোলে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে ফাইনালে ওঠার লড়াই এখন গড়াবে লন্ডনের ফিরতি লেগে, যেখানে এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত হবে কোন দল জায়গা করে নেবে ইউরোপ সেরার মঞ্চে।

সেমিফাইনালের অন্য ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here