সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেন নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে সোনাখাড়া ইউনিয়নের ওই বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নাঈম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয়রা খৈচালা বিলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

