ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নিউইয়র্কে মানববন্ধন

0
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নিউইয়র্কে মানববন্ধন

ফ্লোরিডার টেম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-এর নৃশংস হত্যার ঘটনায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচি পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে একটি প্রবাসী সংগঠন। এতে সমন্বয় ও সঞ্চালনা করেন হৃদয় মিয়া। মানববন্ধনে কমিউনিটি লিডার ড. সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, ইমদাদ চৌধুরী, রফিজুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

জানা গেছে, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ৮ দিন পর জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পরে উদ্ধার করা হয় বলে জানা যায়। তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডে একই ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে জানা গেছে, তারা পিএইচডি শেষ করে বিয়ের পরিকল্পনা করছিলেন। লিমনের বাড়ি জামালপুর এবং বৃষ্টির বাড়ি শরীয়তপুরে। তাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here