কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে এসেট প্রকল্পের আওতায় ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে করণীয় কর্মপন্থা নির্ধারণে প্রতিষ্ঠান ও শিল্প কারখানার করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন,এই তথ্য প্রযুক্তির যুগে কারিগরি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। কর্মমুখী শিক্ষা ছাড়া এই জাতিকে এগিয়ে নেয়া যাবে না। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কর্মমুখী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান ও শিল্প কারখানার করণীয় নিয়েও বক্তারা আলোচনা করেন। এছাড়া বৈরী আবহাওয়ায় অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতিকে বক্তারা কারিগরি শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু: রেজা হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার উপাধ্যক্ষ কাজী মাহাবুব হাছান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এস. এম. শাহীনূর ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ড কুমিল্লার পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন।

