নোয়াখালীর মাইজদী শহরে সিএনজি অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার অভিযোগে মো. আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতের দিকে নোয়াখালী পৌরসভার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী শহরের একটি সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার ওপরে মাইক বেঁধে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে স্লোগান দিতে থাকেন ওই যুবক। এক পর্যায়ে তিনি একটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করেন। পরে তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় এবং ব্যবহৃত মাইক ও অ্যাম্প্লিফায়ার কেড়ে নেওয়া হয়। অটোরিকশাচালকও হামলার শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক ও অ্যাম্প্লিফায়ার জব্দ করে। পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

