এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ছিলেন নেইমার জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি-র মতো তারকাদের সঙ্গে যার নাম উচ্চারিত হতো, সেই নেইমারই এবার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল স্টিকার অ্যালবামে জায়গা পাননি। বিষয়টি ভক্তদের জন্য বিস্ময়ের হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে তা পুরোপুরি অপ্রত্যাশিত নয়।
দীর্ঘদিন ধরে বিশ্বকাপের স্টিকার অ্যালবাম প্রকাশের দায়িত্বে থাকা ইতালীয় প্রতিষ্ঠান পানিনি গ্রুপ এবারের আসরে এনেছে ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ। ৪৮ দলের বর্ধিত এই বিশ্বকাপ উপলক্ষে অ্যালবামটিতে রয়েছে মোট ৯৮০টি স্টিকার।
পানিনির নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়কে নির্বাচনের ক্ষেত্রে তার জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সাম্প্রতিক পারফরম্যান্স, ইনজুরি পরিস্থিতি এবং জাতীয় দলে নিয়মিত খেলার সম্ভাবনাকে। ২০২৫ সালে যখন ব্রাজিল দলের স্টিকার নির্বাচন শুরু হয়, তখন নেইমার দীর্ঘ সময় ধরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন।
পানিনি ব্রাজিলের প্রধান নির্বাহী রাউল ভালেসিলো জানিয়েছেন, তারা একটি সম্ভাবনাভিত্তিক মডেলের মাধ্যমে খেলোয়াড় বাছাই করেন। যারা নিয়মিত জাতীয় দলে খেলছেন এবং ডাক পাচ্ছেন, তারাই অ্যালবামে জায়গা পান।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিগামেন্টে গুরুতর চোট পাওয়ার পর থেকেই নেইমারের ক্যারিয়ারে ছন্দপতন দেখা দেয়। এরপর ফরাসি ক্লাব প্যারিস সাঁ-জার্মেই ছেড়ে তিনি সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে সেখানে খুব কম ম্যাচ খেলতে পেরেছেন। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তিনি তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন, মূল লক্ষ্য ছিল পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া।
তবে স্টিকার অ্যালবামে না থাকা মানেই যে নেইমার বিশ্বকাপ দলে থাকবেন না এমনটি নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৮ মে তিনি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রাই মনে করেন, নেইমার এখনো বড় মাপের খেলোয়াড়। তার নিখুঁত পাস দেওয়ার ক্ষমতা এখনো দারুণ, তবে ইনজুরির কারণে গতি কমেছে এবং তিনি এখনো সেরা ফর্মে ফিরতে পারেননি।
এখন বড় প্রশ্ন শেষ মুহূর্তে নিজেকে প্রমাণ করে কি আনচেলত্তির দলে জায়গা করে নিতে পারবেন নেইমার? নাকি এক সময়ের মহাতারকাকে ছাড়াই উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল? উত্তর মিলবে সময়ের সঙ্গে।

