মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১৪ জন আটক

0
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১৪ জন আটক

মিয়ানমারে পাচারের সময় যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) যৌথভাবে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে পাচার চক্রের অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহকে (৪০) আটক করে।

আটক আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার কিছু অসাধু বোট মালিকের সহযোগিতায় এসব পণ্য মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচার করতেন।

এ ছাড়া পাচারের বিনিময়ে মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টার কথাও জানা গেছে। তার ব্যবহৃত মুঠোফোন পর্যালোচনা করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here