বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিইউটিও) নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত “ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান। নোটিফিকেশন ডব্লিউটিও-এর টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সঠিকভাবে বজায় রাখতে পারলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারব।
তিনি আরও বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা কী শিখলেন-তা জানার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করাই হবে এ প্রশিক্ষণের মূল সাফল্য।
বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইটিটিসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেওয়া দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে, যাতে সংশ্লিষ্টরা ডব্লিউটিও সংক্রান্ত দায়িত্ব পালনে সব সময় প্রস্তুত থাকতে পারেন।
তিনি বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে- এ আশাবাদ আমাদের রাখতে হবে।
তিনি আশা করেন, বর্তমান স্থবিরতা কাটিয়ে খুব শিগগিরই ডব্লিউটিও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। এছাড়া ডাব্লিউটিও-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি ও ডাব্লিউটিও-এর সেন্ট্রাল ও এস্ট্রান ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য দেন।

