চালক অজ্ঞান, মৃত্যু ফাঁদে বাস: স্কুলের শিশুরাই থামাল সেই নিয়ন্ত্রণহীন বাস

0
চালক অজ্ঞান, মৃত্যু ফাঁদে বাস: স্কুলের শিশুরাই থামাল সেই নিয়ন্ত্রণহীন বাস

চলন্ত বাসে হঠাৎ চালক অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন স্কুলশিক্ষার্থীর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সবাই। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিশুরাই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, স্থানীয় একটি মহাসড়কে হ্যানকক মিডল স্কুলের বাস ছাড়ার কিছুক্ষণ পরই চালক লিয়া টেইলর অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে স্টিয়ারিংয়ে অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি দুলতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়।

এই সংকটময় মুহূর্তে ১২ বছর বয়সী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত এগিয়ে গিয়ে স্টিয়ারিং ধরে ফেলে। পরে সে জানায়, সে শুধু চেয়েছিল কেউ যেন আহত না হয়। একই সময়ে ড্যারিয়াস ক্লার্ক বাসের ব্রেক চাপার চেষ্টা করে। শুরুতে এয়ার ব্রেক ব্যবহারে কিছুটা বিভ্রান্ত হলেও পরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।

দুই শিক্ষার্থীর সমন্বয়ে বাসের গতি ধীরে কমে আসে এবং সেটিকে রাস্তার মাঝখানে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে থামানো সম্ভব হয়। এদিকে ড্যারিয়াস ক্লার্ক, কেলেই দ্রুত ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান, যদিও বাসের ভেতরের চিৎকারে যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছিল।

এ সময় ১৫ বছর বয়সী ডেস্টিনি কর্নেলিয়াস চালকের কাছে থাকা নেবুলাইজার ব্যবহার করে তাঁকে সহায়তা করার চেষ্টা করে। অন্যদিকে ম্যাকেনজি ফিঞ্চ চালকের মাথা ধরে রাখে এবং স্কুল কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি জানায়।

পরে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালককে চিকিৎসা দেন। চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চালক লিয়া টেইলর বলেন, আমি তাদের নিয়ে ভীষণ গর্বিত। তারা আমার জীবন বাঁচিয়েছে, এটা আমি কখনো ভুলব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here