উত্তর চীনের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানি স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও৩’ উৎক্ষেপণ করা হয়েছে। বেইজিং সময় শনিবার রাত ৮টা ১৫ মিনিটে চীনের একটি ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি ‘সফলভাবে তার পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।
সুপারকো এক বিবৃতিতে জানায়, ইও৩ স্যাটেলাইটের উৎক্ষেপণ পাকিস্তানের আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উন্নত ইমেজিং প্রযুক্তিসম্পন্ন এই স্যাটেলাইটটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংস্থাটি আরও জানায়, ইও৩ ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ আর্থ অবজারভেশন সিস্টেম গড়ে তোলার ভিত্তি তৈরি করবে, যা বিভিন্ন খাতে জাতীয় অগ্রাধিকার বাস্তবায়ন এবং টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্যাটেলাইটটিতে উন্নত পরীক্ষামূলক পে-লোড যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে মাল্টি-জিওমেট্রি ইমেজিং মডিউল, উন্নত শক্তি সংরক্ষণ ব্যবস্থা এবং অনবোর্ড এআই-চালিত ডেটা প্রসেসিং ইউনিট, যা রিয়েল-টাইম বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
সূত্র : ডন।

