না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

0
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর রামপুরায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে তাছফিক জামান। তিনি জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়ার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার থেকে তার খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১১টায় আফতাবনগরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নেওয়া হয়। শনিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে বিটিভির নাটকে তার কমেডি চরিত্র দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া জনপ্রিয় টিভি নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় দর্শকমনে স্থান করে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here